করোনা ভ্যাকসিনের বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের - The News Lion

করোনা ভ্যাকসিনের বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের




দি নিউজ লায়ন ;  করোনা ভ্যাকসিন এলে তা কিভাবে বণ্টন করা হবে সে ব্যাপারে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়ে গেল। সোমবার সন্ধ্যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হল বর্ধমানে জেলাশাসকের কনফারেন্স হলে। বৈঠকে জেলা শাসক মহম্মদ এনাউর রহমান, জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণবকুমার রায় সহ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। 


জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিন এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড যোদ্ধাদের দেওয়া হবে। ইতিমধ্যেই সেই যোদ্ধাদের বিস্তারিত তালিকা তৈরি করছে স্বাস্থ্য দফতর। রাজ্যের নির্দেশ মেনেই সেই এই তালিকা করা হয়েছে। পূর্ব বর্ধমানের সিএমওএইচ প্রণব কুমার রায় জানান, ভ্যাকসিন এলে প্রথমে কোভিড যোদ্ধাদের দেওয়া হবে। করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। 


এই অতিমারি পরিস্থিতিতে অনেক চিকিৎসক ও নার্স স্বাস্থ্যকর্মী দিন রাত এক করে কাজ করে চলেছেন। পরিষেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের অনেকে। জেলা প্রশাসন সূত্রে এ প্রসঙ্গে জানানো হয়েছে ,  কবে ভ্যাকসিন আসবে তা নিশ্চিত না হলেও ধরে নেওয়া হচ্ছে চলতি বছরের প্রথম দিকেই ভ্যাকসিন এসে পৌঁছবে। 


সেক্ষেত্রে যাতে বণ্টনগত কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এত আগে থেকে বৈঠক শুরু করলেন তারা। যত দ্রুত সম্ভব এই সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করে ফেলা হবে এবং তা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তাদের সম্মতির জন্য। সেখান থেকে সবুজ সংকেত এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.